ভোলা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশি নিরাপত্তার মধ্যে ভোলা-৩ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী সোমবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশে সোমাবার থেকে প্রত্যেক প্রার্থীর নিরাপত্তায় পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে চারজন পুুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ২৪ এপ্রিল লামমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী মো. জসিম উদ্দিনের প্রার্থিতা আদালত বাতিল করার পর এ বছর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির হাফিজউদ্দিন আহমেদ।
আওয়ামী লীগ প্রার্থী নুরন্নবী চৌধুরী শাওন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহনের চর উমেদ, গজারিয়া বাজার, সৈনিক বাজারসহ আরো কয়েকটি এলাকায় ভোটারদের কাছে উন্নয়নের জন্য ভোট চান।
বিকালে তার নির্বাচন সমন্বয়ক আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ লালমোহনে সংবাদ সম্মেলন করেন। এতে শাওনও উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ সকাল ৯টায় তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনে প্রচারণায় যান। সারাদিন বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে তিনি সন্ধ্যায় তজুমদ্দিনের স্লুইস গেট বাজারে একটি পথসভায় বক্তব্য দেন।
হাফিজ চর জহিরউদ্দিনে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানান।
বিকাল সাড়ে ৪টায় লালমোহনে শাওনের এক আত্মীয়ের বাসায় সংবাদ সম্মেলন করেন তোফায়েল আহমেদ।
তোফায়েল বলেন, আওয়ামী লীগ মাগুরা বা বগুড়া স্টাইলে নির্বাচন করবে না।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন ইচ্ছামতো পর্যবেক্ষক পাঠালেও আওয়ামী লীগ কোনো আপত্তি করবে না বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, লালমোহন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24