২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএডিসি'র কাণ্ড

বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) কর্মকর্তারা পূর্ব পাকিস্তান সরকারের অর্থ আদায় রশিদ ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 06:27 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

বগুড়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) কর্মকর্তারা পূর্ব পাকিস্তান সরকারের অর্থ আদায় রশিদ ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএডিসির শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আবদুল মজিদকে কারণ দর্শাতে বলা হয়েছে। বিএডিসি'র বগুড়া কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজুল হক সাংবাদিকদের বলেন, "পাকিস্তান আমলের রশিদ ব্যবহৃত হওয়ার কথা নয়। ঘটনাটি জানার পরই শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী মজিদকে শো'কজ করা হয়েছে।" ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। রোববার বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের কৃষক মাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, বিএডিসির সেচ কমিটির কাছে তিনি একটি গভীর নলকূপ বসানোর আবেদন করেন। ধুনট উপজেলা সেচ কমিটি গত ৪ এপ্রিল তাকে নলকূপ সরবরাহের সুপারিশ করে। মাহিনুর জানান, সুপারিশ অনুযায়ী তিনি ৮ এপ্রিল বিএডিসি'র সহকারী মেকানিক এ কে এম লুৎফর রহমান স্বাক্ষরিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে ১৩২৫ নম্বর বইয়ের ১৩২৪৫৬ নম্বর রশিদের মাধ্যমে তিনি ইসলামী ব্যাংক শেরপুর শাখায় ১৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এ নিয়ে গড়িমসি করায় তিনি বিষয়টি ধুনট উপজেলা চেয়ারম্যান টিআই নূরন্নবী তারিককে জানান। উপজেলা চেয়ারম্যান তারিক সাংবাদিকদের বলেন, বিএডিসির রশিদ দেখে তিনি বিস্মিত হয়েছেন। স্বাধীনতার ৩৯ বছর পরও পূর্ব পাকিস্তান সরকারের রশিদ ব্যবহার দুঃখজনক। এ ব্যাপারে শেরপুর বিএডিসির জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মজিদ স্বাক্ষরিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশনের নামে ১৩২৫ নম্বর বইয়ের ১৩২৪৫৭ নম্বর রশিদে আরো ১৫ হাজার টাকা একই ব্যাংকে জমা দেন। বিএডিসি শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মজিদ দাবি করেন, রশিদগুলো পাকিস্তান আমলের। স্বাধীনতার পরে নতুন রশিদ সরবরাহ না থাকায় ওই রশিদেই টাকা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিএডিসি শেরপুর কার্যালয়ের সহকারী মেকানিক লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, "এটা তেমন কোনো ভুল না। আমরা কলম দিয়ে পূর্ব পাকিস্তান কেটে বাংলাদেশ লিখে সেই রশিদ দিয়ে টাকা নিচ্ছি।" আরেক কর্মকর্তা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, "পূর্ব পাকিস্তান লেখা ওই রশিদগুলো ১৯৬১ সালে সরবরাহ করা হয়। তারপর থেকে এ পর্যন্ত ওই রশিদ দিয়েই টাকা আদায় করছি।" নতুন রশিদ ছাপা হয়েছে কিন্ত তা এখনও সরবরাহ করা হয়নি বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৫ ঘ.