২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ গাজীপুরে

নারায়ণগঞ্জ সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নূরুল আমিন মাকসুদের গুলিবিদ্ধ লাশ রোববার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 11:53 AM

Updated : 24 Aug 2022, 08:35 PM

গাজীপুর, এপ্রিল ১৮ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নূরুল আমিন মাকসুদের গুলিবিদ্ধ লাশ রোববার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগী হিসেবে পরিচিত মাকসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিন ও খালাস পেয়েছিলেন বলে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন জানান। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মাকসুদ পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি ২০০৮ সালে ডিসেম্বরে সংসদ নির্বাচনের সময় দেশে ফেরেন। তার বাড়ি নারায়ণগগঞ্জ শহরের খানপুরে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। মাকসুদ নারায়ণগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। মাকসুদের পরিবার দাবি করেছে, শনিবার রাতে সেনাবাহিনীর গলফ ক্লাবের কাছ থেকে র‌্যাব-১ সদস্য পরিচয় দিয়ে একদল অস্ত্রধারী তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তবে র‌্যাব-১ কর্মকর্তারা বলেছেন, তাদের আটকের তালিকায় মাকসুদ নামে কেউ নেই। জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম সাংবাদিকদের জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুবাইলের তালটিয়া এলাকা থেকে মাকসুদের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার কর হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয় গাজীপুর সদর হাসপাতাল মর্গে। খবর পেয়ে নিহতের স্ত্রী মুন্নি, বড়ভাই রুহুল আমিন বাদশা ও আত্মীয় স্বজনরা মর্গে এসে তার লাশ সনাক্ত করেন। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মাকসুদের লাশ হস্তান্তর করা হয়েছে। তার ভাগ্নি রিমা সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মামা বন্ধু মশুকে নিয়ে ধানমণ্ডির বাসা থেকে উত্তরা ক্লাবে রওনা হন। তারা সিএনজিচালিত একটি অটোরিকশায় সেখানে যান। রাত পৌনে ১০টার দিকে মাকসুদ ফোনে তার স্ত্রী উম্মে সালমা মুন্নিকে নিজেদের প্রাইভেটকারটি উত্তরায় পাঠিয়ে দিতে বলেন। রাত পৌনে ১১টার দিকে মশু একটি ফোনের দোকান থেকে ল্যান্ড ফোনে মুন্নির বড় ভাই ফয়েজকে জানান র‌্যাব-১ এর সদস্য পরিচয় দিয়ে একদল অস্ত্রধারী মাকসুদকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। রিমা জানান, তার মামী ফোনে মামার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার দুটি মোবাইল ফোনই বন্ধ পান। রাত ৩টার দিকে মশু টেলিফোনে জানান- তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে মাকসুদের পরিবারের লোকজন তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে । হাসপাতাল মর্গে মাকসুদকে দেখতে আসেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাকসুদ খুব 'ভদ্র ও নম্র' স্বভাবের ছিলেন। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক হয়রানিমূলক বিভিন্ন মামলা ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ওইসব মামলায় খালাস পান। মাকসুদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তৈরি পোশাকের ব্যবসা করতেন। ২০ এপ্রিল তার দুবাই যাওয়ারও কথা ছিলো। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শামীম ওসমান বলেন, মাকসুদকে কোনো সন্ত্রাসীদল হত্যা করে থাকতে পারে। এর তদন্তের দায়িত্ব সরকারের। র‌্যাব-১ এর কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের আটকের তালিকায় নূরুল আমিন মাকসুদ নামের কেউ নেই। একই তথ্য দিয়েছেন র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর মোশতাক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.