ঝালকাঠি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠিতে ছাত্রদলকর্মী রিয়াজ মোল্লা হত্যার ঘটনায় জেলার যুগ্ম আহবায়কসহ যুবদলের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রিয়াজের বাবা আব্দুল জব্বার মোল্লা শুক্রবার ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন।
গত ৮ এপ্রিল হামলায় রিয়াজ গুরুতর আহত হন। এর পাঁচদিন পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
মামলায় আসামি করা হয়েছে- জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার ওরফে পিস্তল শামীম, তার ভাই জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান বাবু, ছাত্রদল কর্মী মোস্তাফিজুর রহমান মিরাজ, বাহাদুর গাজী, কলিন্স খান, শাহিন, বাবু ও মুন হাওলাদার।
এছাড়া অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়।
মামলার বরাত দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি আব্দুল মান্নান বলেন, আসামি শামীম ঘটনার দিন রিয়াজকে পালবাড়ি এলাকায় ডেকে নিয়ে যায়। মুশফিকুর রহমান বাবু তার (শামীম) নির্দেশে পাইপ দিয়ে রিয়াজের মাথায় আঘাত করে। এরপর সেখানে উপস্থিত অন্য আসামিরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24