মাদারীপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় এক গৃহবধূকে এসিড মেরে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডদগ্ধ হেলেনা বেগমকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত অভিযোগে শনিবার ভোরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে হেলেনা বেগমের সঙ্গে কথা বলি। সকালে আল-আমিন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
হেলেনার স্বামী শেখ শাখাওয়াত আলী এ ঘটনায় শিবচর থানায় স্থানীয় সামাদ ঘরামী (৪০), রাজ্জাক চৌকিদার (৩৫), আল-আমিন (২২) ও শহীদ মাদবরকে (২৮) আসামি করে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, "শুক্রবার রাত ৮টার দিকে সামাদ, রাজ্জাক, আল-আমিন ও শহীদসহ পাঁচ-সাত জন সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে হেলেনার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে হেলেনার গলা, বুক ও পা ঝলসে গেছে।"
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তারা ওই হামলা চালায় বলে অভিযোগ করেন শাখাওয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫৫৯ ঘ.
bdnews24