২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়া আ. লীগের ৩৮ নেতার পদত্যাগ

সভাপতির ওপর অনাস্থা এনে একযোগ পদত্যাগ করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির ৩৮ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 09:04 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

কক্সবাজার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভাপতির ওপর অনাস্থা এনে একযোগ পদত্যাগ করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির ৩৮ সদস্য। এর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতিসহ তিনজন সহ-সভাপতি, দুইজন যুগ্ম সম্পাদক, ১১ জন সম্পাদক ও ২২ জন নির্বাহী সদস্য। এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসাইন সাংবাদিকদের বলেন, তিনি কিছু পদত্যাগপত্র পেয়েছেন। জেলা আওয়ামী লীগের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি সাদেকুর রহমান ওয়ারেচীকে পুনর্বহাল করার প্রতিবাদে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির ৩৮ জন পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগী ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "সংগঠনবিরোধী কার্যকলাপ, নেতা-কর্মীদের গালাগালি, দলের ভেতরে থেকে জাতীয় নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় ২০০৯ সালের ৫ মার্চ ওয়ারেচীকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু গত ২২ মার্চ জেলা আওয়ামী লীগ তাকে পেকুয়া উপজেলা কমিটির সভাপতি পদে পুনর্বহাল করে।" পদত্যাগী নেতারা আরো অভিযোগ করেন, ওয়ারেচীর বাবা মুসলিম লীগ নেতা এইচএম সৈয়দুর রহমান ওয়ারেচী স্বাধীনরতার বিপক্ষে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.