সাতক্ষীরা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দুটি উপজেলায় এক গৃহবধূসহ দুজন খুন হয়েছে।
তালায় ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ রাবেয়া খাতুনকে (২৮) এবং আশাশুনিতে শ্বাসরোধ হয়ে আশীষ কুমার মল্লিক (৩৮) নামে একজনকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
তালা থানার উপ-পরিদর্শক খাদিজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে সুজনসাহা গ্রামের শেখ রোকন উদ্দীনের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রোকনের অন্তঃস্বত্তা স্ত্রী রাবেয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
হামলায় রোকনও আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা খাদিজা বলেন, "জমি নিয়ে চাচাত ভাইদের সঙ্গে রোকনের বিরোধ ছিলো। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।"
এ ব্যাপারে নিহত রাবেয়ার ভাই খুলনার চুকনগর গ্রামের আব্দুল মমিন গাজী বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
আসামিদের মধ্যে রোকনের তিন চাচাত ভাই রয়েছেন।
পুলিশ হত্যায় জড়িত সন্দেহে একই গ্রামের ইছা মোড়লের ছেলে মইজুদ্দীন মোড়লকে (৩৫) গ্রেপ্তার করেছে।
আশীষ খুন হন বৃহস্পতিবার রাতে আশাশুনির বুধহাটায়।
আশাশুনি থানার ওসি ফজলুর রহমান জানান, আশীষকে শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে রেখে যায় সন্ত্রাসীরা।
তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
নিহত আশীষ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের পঞ্চানন মল্লিকের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24