গাজীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভোগরা এলাকায় গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় আবার আগুন লেগেছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে কারখানার ৪র্থ তলায় লিংটিং সেকশনে আগুন লাগে। দুইঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানাতে পারেননি দমকল কর্মকর্তারা।
আতঙ্কিত হয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ভুঁইয়া ও পরিচালক ফজলুল হক ভূঁইয়া জ্ঞান হারিয়ে ফেলেন। আগুন নেভাতে গিয়ে আহত হন কারখানার চার শ্রমিক।
কারখানার লিংকিং অপারেটর আবু জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খাবারের বিরতি চলাকালে লিংকিং সেকশনের দক্ষিণ পাশে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
গাজীপুর দমকলের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ওই সময় ওখানে বিদ্যুৎ ছিল না। আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
দমকলের ঢাকার কুর্মিটোলা, মিরপুর, টঙ্গী ও গাজীপুরের আটটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার কর্মকর্তা আবু তাহের জানান, গত ২৫ ফেব্র"য়ারি আগুন লাগার কারণে বন্ধ থাকার পর কারখানাটি গত শনিবার খুলেছে। আজ (মঙ্গলবার) বিকালে মিলাদের পর ৪র্থ তলার ওই লিংকিং সেকশনে কাজ শুরু হওয়ার কথা ছিল। মেশিনপত্র বসানোসহ অন্যান্য কাজ চলছিলো।
নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভাতে গিয়ে কারখানার পিয়ন দেলোয়ার হোসেন (১৯), লিংকিং অপারেটর আরিফ হোসেনসহ (২৫) চারজন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আগুনে ওভারলক মেশিন, লিংকিং মেশিন, ফ্ল্যাটলক মেশিন, প্লেন মেশিন, অটোনিটিং মেশিন, বার্ডটেক মেশিন, উইন্ডিং মেশিন, জেফওয়াট মেশিন, সুয়িং মেশিন ও সুতাসহ বিপুল মালামাল পুড়ে গেছে।
বাইরের কারো ইন্ধনে এটি একটি নাশকতা হতে পারে বলে তিনি মনে করেন।
নিটিং ইনচার্জ মিজানুর রহমান জানান, ১০ বছর ধরে তিনি এখানে কাজ করছেন। এখানে কোনো শ্রমিক অসন্তোষ নেই। বাইরের কেউ ষড়যন্ত্র করে এ আগুন লাগিয়ে থাকতে পারে।
গত ২৫ ফেব্র"য়ারি ওই কারখানায় আগুনে ২১ জন প্রাণ হারিয়েছিলো। এরপর গত শনিবারই প্রথম কারখানটিতে কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24