২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভণ্ডপীর আমজাদের বিরুদ্ধে তিনটি মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসনগর গ্রামে পীর বলে পরিচিত বুজরুক আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 08:23 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসনগর গ্রামে পীর বলে পরিচিত বুজরুক আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলাতেই আমজাদসহ ১৬ জনকে আসামি করা হয়। সোমবার সকালে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সহযোগীরা হলেন- নুরু মেম্বার (৪৫), কালাম (৪৬) ও ইলিয়াস (৬০)। তিন মামলাতেই প্রতারনা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগ রয়েছে বলে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সফিকুল ইসলাম। রাত পৌনে ৯টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা তিনটির বাদি হলেন সিরাজদিখানের নয়াগাঁও গ্রামের এনামূল হক (মামলা নম্বর ১২), দক্ষিণ কেরানীগঞ্জের বানগাঁও গ্রামের পুস্পরাণী মণ্ডল (মামলা নম্বর ১৩) এবং সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান (মামলা নম্বর ১৪)। প্রতিটি মামলাতেই ভণ্ডপীর প্রধান আসামি। মঙ্গলবার গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। এর আগে সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরে 'ভণ্ডপীর' আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার একটি বাংলা দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে বুজরুক আমজাদের চিকিৎসার নামে নানা কর্মকাণ্ডের কথা জানানো হয়। প্রতিবেদনে জ্বরে আক্রান্ত দুটি শিশুকে চিকিৎসার নামে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে দিতে দেখা যায়। জ্বিন তাড়ানোর নমে 'মানসিকরোগী' এক নারীকে লাঠি দিয়ে পেটানোর দৃশ্যও রয়েছে প্রতিবেদনটিতে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল ইসলাম জানান, এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা এর সঙ্গে আছে সবাইকে আইনের আওতায় আনা হবে। এতদিন বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত ছিল না বলে তিনি জানান। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুজ্জামান ফারুকী জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। আমজাদ হোসেন অনেক তথ্য দিয়েছেন। সেই অনুযায়ী পুলিশ ও র‌্যাব কাজ করছে। র‌্যাবের স্থানীয় ক্যাম্প কমান্ডার এএসপি মো. মিলন মাহমুদ জানান, ভণ্ডপীরের কর্মকাণ্ড ঘটনাটি তিনি ৫/৭ দিন আগে জেনেছেন। তিনি বৃহস্পতিবারের অপেক্ষায় ছিলেন। কারণ প্রতি বৃহস্পতিবারই লোকজন বেশি হয়। এই সময় সব সহযোগীসহ ধরার জন্যই অপেক্ষা করছিলেন বলে জানান। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, নূর মেম্বার, ইলিয়াস মাতবর, কালাম মাতবর ছাড়াও আরো কয়েকজন তার সঙ্গে জড়িত। এদের মধ্যে আসলাম মাতবর (৪৫), খালেক মাতবর (৬০), রেজা মাতবর (৭০), সাঈদ মাতবর (৫০), হোসেন মোল্লা (৪০), রুহুল মেম্বার ও আরব আলীর নাম বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০২৩ ঘ.