ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে সরকার গঠন করলে দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার বিকালে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
খালেদা বলেন, ''শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না। একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব-অনটন দূর করতে চাই। সেই অঙ্গীকার থেকে আজ আমি ঘোষণা করছি যে, আগামীতে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ করব।''
সরকারের অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এই শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে তিন হাজার কাউন্সিলর ও ডেলিগেট এতে অংশ নেন।
সম্মেলনে মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক নির্যাতন ও চাকুরিচ্যুতি বন্ধের দাবি জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেন, ''১৫ মাসের সরকার দেশটাকে কী দশা করেছে, তা আপনারা দেখছেন। নির্বাচনে তাদের দেওয়া প্রতিশ্র"তি এখন প্রহসনে পরিণত হয়েছে। প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। শিক্ষা উপকরণের দাম বহুগুণ বেড়েছে।''
পানি-বিদ্যু-গ্যাস সংকট সম্পর্কে তিনি বলেন, ''প্রচণ্ড গরমে ঘেমে রাতে পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা করতে হয়। গ্যাসের অভাবে রাতে রান্না করা বাসি খাবার খেয়ে সকালে তাদের যেতে হয় পরীক্ষা কেন্দ্রে। পানির অভাবে গোসল করা হয়ে উঠেনা- এই হলো সরকারের ডিজিটাল সাফল্য। এ ডিজিটাল অন্ধকার থেকে জনগণকে বাঁচাতে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে।''
খালেদা ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ছাত্রীদের ওপর সরকার সমর্থক ছাত্র সংগঠনের কর্মীদের হামলার কঠোর সমালোচনা করেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত কোনো ঘটনারই বিচার হয়নি। নৈতিকতার চরম অবক্ষয়ের এই সময়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা আজ সময়ের দাবি।
বর্তমান সরকার ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে এক 'গভীর ষড়যন্ত্রে' লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার নেতৃত্বাধীন দুটি সরকারের আমলে শিক্ষাখাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক নেতাদের হাতে পদক তুলে দেন বিরোধী দলীয় নেতা।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী ও শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন ও শিক্ষক নেতা কাজী আবদুর রাজ্জাক, চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, রেজাউল করীম, মাওলানা এম এ লতিফসহ বিভিন্ন জেলার শিক্ষক ও কর্মচারী নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী, এম কে আনোয়ার, সহসভাপতি সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল মান্নান, রুহল আলম চৌধুরী , এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৬ ঘ.
bdnews24