২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির আত্মসমর্পণ

নাটোর গামা হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

নাটোর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর গামা হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৩-এর বিচারক কানিজ আক্তার নাছরিনা খানম তাদের কারাগের পাঠানোর নির্দেশ দেন। বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ ওরফে গামাকে সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারির ওই ঘটনায় গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজসহ ২১ জনকে আসামি করে মামলা একটি হত্যা মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটি নাটোর জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৩-এ বদলি করা হয়। ২০০৬ সালের ২৪ আগস্ট ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক ফিরোজ আলম ২১ আসামিকে মৃত্যুদন্ড দেন। রায় ঘোষণার সময় ১১ আসামি পলাতক ছিলেন। আসামি পক্ষের আইনজীবী মজিবর রহমান আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মসমর্পণ করা আসামিরা হলেন- এস এম ফিরোজ, আনিছুর রহমান শাহ, ফরমান শাহ, সেন্টু শাহ, কায়ছার, ফজলুল হক শাহ, সাজাহান শাহ, জাহেদুল শাহ ও বাদল হোসেন। আত্মসমর্পণের আগে আওয়ামী লীগ নেতা ফিরোজ বলেন, "আমরা নির্দোষ। দুলু রাজনৈতিক আক্রোশে আমাদের বিরুদ্ধে তার ভাইকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। "সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে মিথ্যা স্বাক্ষী দিতে বাধ্য করিয়েছেন। তাই আমরা সুবিচার পাইনি। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় আমরা স্বেচ্চায় আত্মসমর্পণ করেছি।" এ ব্যাপারে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের বলেন, "আসামিরা দীর্ঘদিন আইনের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন। আত্মসমর্পণের পর আদালত বিষয়টি অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন। আমি তাদের শাস্তি কার্যকর করার দাবি জানাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩১ ঘ.