ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুদ্রা পাচার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
গত ২৮ জানুয়ারি হাইকোর্ট এ মামলায় মামুনকে জামিন দেয়। আপিল বিভাগের চেম্বার জজের আদালত ৩১ জানুয়ারি ওই আদেশ স্থগিত করে দেয়। মামুন আদেশ খারিজের জন্য আপিল বিভাগে আবেদন করেন।
সোমবার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশের পাশাপাশি মামুনের জামিনের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে।
আদেশের পর সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল করার আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেছে আদালত।"
একইসঙ্গে মামুনের জামিন স্থগিতের আদেশও বহাল থাকবে বলে জানান তিনি।
মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
এ মামলায় মামুনের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে।
মামুন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
মামুনের বিরুদ্ধে আরো অন্তত ২০টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৩০৮ঘ.
bdnews24