রংপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের দমদমা বাজার এলাকায় সোমবার ভোরে একটি নৈশকোচ উল্টে ৫ যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী মিতালী নামের একটি বাস মহাসড়কের উপর উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি দ্রুত বেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ৪জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১জন মারা যায়।
নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাসের এক যাত্রী আছমা বেগম জানান, বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
দুর্ঘটনার পর হাইওয়ে টহল পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাসটির কিছু মালামাল লুট হয়েছে বলেও আহত যাত্রীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/সিআর/জিএনএ/১০৪৮ ঘ.
bdnews24