ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বাঘাবাড়িঘাটে মিল্ক ভিটা কমপ্লেক্সের চারপাশের গোচারণভূমির প্রায় ৮০ শতাংশ দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। একটি সংসদীয় তদন্ত কমিটির রিপোর্টে এ কথা বলা হয়েছে।
তদন্ত কমিটি এমন আশংকাও প্রকাশ করেছে যে, সরকার বেদখল হওয়া এ চারণভূমি জরুরিভিত্তিতে উদ্ধার না করলে কৃষকরা নিশ্চিতভাবে পশুখাদ্য সংকটের মুখোমুখি হবে। যার ফলে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ব্যাহত হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। আওয়ামী লীগ সাংসদ আলী আশরাফ খান খসরুকে এর প্রধান করা হয়।
রোববারের বৈঠকে কমিটি তদন্ত রিপোর্ট গ্রহণ করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (ব্যাপকভাবে পরিচিত মিল্ক ভিটা) এর এই সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে।
বৈঠক শেষে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থায়ী কমিটি সমস্যাটি সরকারের কাছে তুলে ধরেছে। এখন এই গোচারণভূমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের উপর নির্ভর করছে।"
তিনি বলেন, এই গোচারণভূমি দখলমুক্ত করতে অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী (জাহাঙ্গীর কবির নানক) বিষয়টি দেখবেন বলে কমিটিকে বলেছেন।
তদন্ত রিপোর্টে বলা হয়েছে, বাঘাবাড়ি এলাকার এই গোচারণভূমির আয়তন কমতে কমতে বর্তমানে এক হাজার একরে এসে দাঁড়িয়েছে, যা আগে ছিল ৫ হাজার একরজুড়ে। প্রভাবশালী লোকজন এই ভূমি বেদখল করেছে।
মিল্ক ভিটার অবশিষ্ট ১ হাজার ৩১ একর ভূমি অবিলম্বে ইজারা দেওয়া সরকারের উচিত বলে রিপোর্টে সুপারিশ করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মিল্ক ভিটা বছরে ৩০ লাখ লিটারেরও বেশী দুধ উৎপাদন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএ/এইচএ/২৩৩৬ ঘ.
bdnews24