ফরিদপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিপুর শহরের গোয়ালচামট এলাকায় রোববার রাতে দুর্বৃত্তের হামলায় জেলা আওয়ামী লীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
আহত নূর মোহাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুল (৭৫) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। থাকেন গোয়ালচামট এলাকার ১ নম্বর সড়কে।
তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাসার সমানে দাঁড়িয়ে টি কে সরকার নামে একজনের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় গামছায় মুখঢাকা চার দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার ডান হাত মারাত্মক জখম হয়।
পুলিশ কর্মকর্তা রাত ১০টায় জানান, ফরিদপুর সদর হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
মুক্তিযোদ্ধা টিকে সরকার জানান, নূর মোহাম্মদ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
নূর মোহাম্মদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ শহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24