কুষ্টিয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আলমগীর মণ্ডল (৩৫) চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য দাবি করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটিসহ মোট সাতটি মামলা রয়েছে।
'ক্রসফায়ার' নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটল।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথদল রোববার প্রথম প্রহরে আলমপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে অভিযানে যায়।
তিনি বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকরত চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।"
প্রায় ১৫ মিনিট 'বন্দুকযুদ্ধের' পর অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আলমগীরের লাশ পাওয়া যায় বলে ওসি জানান।
পুলিশ জানিয়েছে, সেখানে একটি বন্দুক, পাঁচটি হাতবোমা, তিনটি রামদা ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আলমগীরের কুষ্টিয়ার শহরতলী মিলপাড়া এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১১৫০ ঘ.
bdnews24