ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে এবার প্রথমবারের মতো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধানমন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে এ ধরনের আয়োজন এই প্রথম। অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরো জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যবর্গ, বিচারপতি, সংসদ সদস্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএম/এজে/১৯৫০ ঘ.
bdnews24