২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলা-সংঘর্ষ, নিহত ১

সোনারগাঁওয়ের কাঁচপুর শিল্প এলাকার সিনহা টেক্সটাইল ও ওপেক্স গার্মেন্টসের বিক্ষোভরত শ্রমিকদের ওপর শনিবার সকালে বহিরাগত একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 10:41 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনারগাঁওয়ের কাঁচপুর শিল্প এলাকার সিনহা টেক্সটাইল ও ওপেক্স গার্মেন্টসের বিক্ষোভরত শ্রমিকদের ওপর শনিবার সকালে বহিরাগত একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। শ্রমিকরাও পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম জিয়া (২৫)। তার বাড়ি কাঁচপুরের সেনপাড়া এলাকায়। শিল্পপার্ক হিসেবে পরিচিত সিনহা গ্র"পের টেক্সটাইল মিল ও ওপেক্স গার্মেন্টসের বিভিন্ন ইউনিটে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করে। বিজিএমইএ'র সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা ওপেক্স-সিনহা গ্র"পের চেয়ারম্যান। সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী জানান, অতিরিক্ত কাজের মজুরি, মজুরি বাড়ানো, বার্ষিক অর্জিত ছুটির ভাতাসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল সাড়ে ৭টায় ওপেক্স গার্মেন্টসের ৫ ও ৭ তলার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। সিনহা টেক্সটাইলের কিছু শ্রমিক এ সময় তাদের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে কিছু শ্রমিক কারখানা থেকে বেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ ১০ মিনিটের মধ্যে তাদের সরিয়ে দেয়। তিনি জানান, সাড়ে ৮টার দিকে ওপেক্স গার্মেন্টেসের ঝুট ব্যবসায়ী সামছুল হক ও তার ছেলে জিয়ার নেতৃত্বে বহিরাগত একটি দল শ্রমিকদের ওপর হামলা চালায়। আহত হয় ১০ শ্রমিক। তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। বহিরাগতদের বিরুদ্ধে শ্রমিকরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। এতে জিয়া আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টায় তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দুই দফায় আরো ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়। শ্রমিকরা বিভক্ত হয়ে বিক্ষোভ করতে থাকে। পৌনে ১১টার দিকে ঝুট ব্যবসায়ী সামছুলকে পুকুরে ফেলে দেয় তারা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হকের আশ্বাসে শ্রমিকরা শান্ত হয়। এসময় মালিকপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘ দিন ধরেই অতিরিক্ত কাজের মজুরি, মজুরি বাড়ানো, বার্ষিক অর্জিত ছুটি ভাতা, ছুটিকালীন বেতন ও ছয় মাস চাকরির পর ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানাচ্ছেন। কিন্তু মালিকপক্ষ তাতে কোনো সাড়া দিচ্ছে না। এ বিষয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সিনহা গ্র"পের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করে বিষয়টি সমাধান করবে। পুলিশ কর্মকর্তা ইউনুস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি মালিক ও শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে। হত্যাকাণ্ডের ঘটনায় দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৩২ ঘ.