২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে হুমকিতে পড়তে পারে বঙ্গবন্ধু সেতু

যমুনার গতিপথ পরিবর্তনের ফলে আগামী দুই বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে একটি সরকারি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 04:58 PM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার গতিপথ পরিবর্তনের ফলে আগামী দুই বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে একটি সরকারি সংস্থা। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) বৃহস্পতিবার এক সেমিনারে এ পূর্বাভাস দিয়েছে। 'ডিসেমিনেশন সেমিনার অন রিভার ব্যাংক ইরোশন প্রেডিকশন ২০১০' শিরোনামের সেমিনারে সিইজিআইএস'র নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী জানান, যমুনার গতিপ্রবাহ ডান দিকে যাওয়ায় তা বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি ডান দিকের রিবেটে আঘাত করবে। মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে সিইজিআইএস ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে। "প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সেতুর মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে," বলেন গিয়াসউদ্দিন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। সেমিনারে 'নদীভাঙন প্রবণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গিয়াসউদ্দিন। সিইজিআইএস'র উপ নির্বাহী পরিচালক ড. মমিনুল হক সরকারের 'দীর্ঘমেয়াদি ভূমিক্ষয় ও এর ব্যবস্থাপনা' শীর্ষক এক সমীক্ষায় বৃহস্পতিবার জানানো হয়, ১৯৭৩-২০০৯ সালে সিরাজগঞ্জের ২২ হাজার চারশ হেক্টর জমি নদীগর্ভে হারিয়ে গেছে। বছরওয়ারি হিসেবে দেখা গেছে, ১৯৭৩-৮০ সাল পর্যন্ত চার হাজার হেক্টর, ৮১-৯০ পর্যন্ত পাঁচ হাজার হেক্টর, ৯১-২০০০ পর্যন্ত তিন হাজার হেক্টরের বেশি এবং ২০০১-০৫ পর্যন্ত দুই হাজার হেক্টর যমুনায় বিলীন হয়। ২০০৭ সালে ভূমিক্ষয়ের পরিমাণ দুই হাজার হেক্টরের বেশি হলেও ২০০৮ সালে তা দুই হাজারের কিছুটা নিচে নেমে আসে। সমীক্ষা অনুযায়ী, ভূমিক্ষয় বৃদ্ধির সঙ্গে যমুনার প্রস্থও বেড়েছে। ৭০-এর দশকে যমুনার প্রস্থ আট কিলোমিটার থাকলেও গতবছর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ কিলোমিটারে। সিরাজগঞ্জের শুভগাছায় যমুনা তিন কিলোমিটার বেঁকে যেতে পারে বলে জানানো হয় ওই সমীক্ষায়। এক হাজার হেক্টর ভূমিক্ষয়ের মাধ্যমে এ বাঁক নিতে পারে নদীটি। সেমিনারে গঙ্গা, যমুনা ও পদ্মা নদীর ২০১০ সালের ভাঙনের পূর্বাভাসও দেওয়া হয়। সিইজিআইএস'র মরফোলজি বিভাগের গবেষক নাজনীন আক্তার জানান, ২০১০ সালে যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর ভাঙনে এক হাজার ছয়শ ৬৫ হেক্টর জমি নদীগর্ভে বিলীন এবং আট কিলোমিটার রাস্তা ভেঙে যেতে পারে। যমুনার তীরে ভূমিক্ষয় প্রসঙ্গে তিনি জানান, ২০১০ সালে সিরাজগঞ্জের দুশ ৬১ হেক্টর জমি বিলীন হতে পারে। "এতে যমুনা নদীতীরে তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যেতে পারে," জানিয়ে নাজনীন বলেন, "এছাড়া ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি হাটবাজার, সাতটি সরকারি অফিস এবং চারটি স্বাস্থ্যকেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।" মমিনুল জানান, নদীভাঙনে প্রতি বছর ৬০ হাজার মানুষ বাস্তুহারা হচ্ছে। তিনি বলেন, "ভাঙন পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নিলে এ ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান। তিনি বলেন, সরকার নদীভাঙন, বন্যসহ নানা ধরনের প্রতিকূলতা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব সময় প্রস্তুত রয়েছে। সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে ভাঙনের পূর্বাভাস অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে জানান পানিসম্পদ সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/পিডি/২০৪৪ ঘ.