২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭১-এ মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে মামলা

একাত্তরে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:48 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার একটি আদালতে। বৃহস্পতিবার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা নূর আলী শাহজীর ছেলে নূর ইসলাম শাহজী। হাকিম এস এম মাসুদুজ্জামান মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। চার আসামি হলেন- দেবহাটা উপজেলার নাজিরের ঘের গ্রামের জবেদ আলী সানা (৬৫), ছোট সান্তার আব্দুল আজিজ মোড়ল (৬২), উত্তর পারুলিয়ার বদর মোড়ল (৬৭) ও গড়েরডাঙ্গা গ্রামের আব্দুল হান্নান (৬০)। বাদি অভিযোগ করেন, ১৯৭১ সালের ২২ অক্টোবর শুক্রবার বিকালে আসামিরা পাকিস্তানি সেনাদের নিয়ে তাদের বাড়ি ঘেরাও করে। তারা বাদির বাবা মুক্তিযোদ্ধা নূর আলীকে ধরে নিয়ে যান। পাশের খেঁজুরবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে আসামিরা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যার পর সেখানেই তার লাশ মাটি চাপা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.