ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ আরো এক বছর বাড়ানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের আবেদনে বিচারপতি মো. ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ বৃহস্পতিবার স্থগিতাদেশ বাড়ানোর এ আদেশ দেন।
মামলাটি বাতিলের খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেয়।
বৃহস্পতিবার আদালতের আদেশের পর খালেদার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এ নিয়ে মামলা স্থগিতাদেশের মেয়াদ চতুর্থ বারের মতো বাড়ানো হলো।
দিনাজপুরের বড়পুুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কাজের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২৬ ফেব্র"য়ারি খালেদার বিরুদ্ধে মামলাটি করে।
মামলায় খালেদা ছাড়া তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, দরপত্রের নিয়ম ভঙ্গ করে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ায় রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24