২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যন্ত্র নষ্ট, দুর্ভোগে রংপুরের ক্যান্সাররোগীরা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের রেডিও থেরাপি দেওয়ার মেশিনটি অকেজো হয়ে পড়েছে। এতে দেশের উত্তরাঞ্চলে ক্যান্সারের রোগীদের থেরাপি দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে গত রোববার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 11:02 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

রংপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের রেডিও থেরাপি দেওয়ার মেশিনটি অকেজো হয়ে পড়েছে। এতে দেশের উত্তরাঞ্চলে ক্যান্সারের রোগীদের থেরাপি দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে গত রোববার থেকে। রংপুর, দিনাজপুর, বগুড়াসহ উত্তরাঞ্চলের ১০টি জেলার শতাধিক ক্যান্সার রোগী প্রতিদিন হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। যন্ত্রটি কবে নাগাদ সচল হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। 'যান্ত্রিক ত্র"টির কারণে মেশিন বন্ধ আছে'- এ নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে তারা। রেডিও থেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. স্বপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর আগে ক্যান্সার রোগীদের রেডিও থেরাপি দেওয়ার জন্য চীন থেকে এ মেশিনটি আনা হয়। "প্রতি ৫ বছর অন্তর মেশিনটির একটি যন্ত্রাংশ পরিবর্তন করার নিয়ম থাকলেও তা করা হয়নি বলে মেশিনটি কাজ করছে না", বলেন তিনি। স্বপন মনে করেন, জরুরি ভিত্তিতে কাজ করলে সাত দিনের মধ্যেই নতুন যন্ত্রাংশ কিনে যন্ত্রটি সারিয়ে তোলা সম্ভব। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতে সময় বেশি লাগার আশঙ্কা করছেন তিনি। রমেক হাসপাতালে স্বল্প মূল্যে রেডিও থেরাপি দেওয়া হয়। ঢাকা অথবা ভারতে গিয়ে এ চিকিৎসা নেওয়া অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র রোগীদের জন্য রমেক হাসপাতালই ছিলো একমাত্র ভরসা। দিনাজপুরের বিরামপুর থেকে আসা মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেশিনটি অকেজো হয়ে পড়ায় চিকিৎসা না নিয়েই তাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। একই কথা জানালেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মছিরন নেছা, রংপুর শহরের গনেশপুরের আব্দুল লতিফসহ আরো অনেকে। জরুরিভিত্তিতে মেশিনটি মেরামত করানোর দাবি জানান তারা। এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক আনিসুল করিম কিছু বলতে রাজি হননি। ডা. স্বপন জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১০ ঘ.