মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করতে দেশের দুটি বিভাগ এবং ২১টি জেলায় নতুন কার্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার।
একইসঙ্গে এসব কার্যালয়ের কার্যক্রম পরিচালনাসহ পরিবেশ বিষয়ক কার্যক্রম জোরদার ও তদারকি করতে নতুন করে ৪৬৮ জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।
জনবল নিয়োগের কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
নতুন কার্যালয় স্থাপন এবং জনবল নিয়োগের আর্থিক অনুমোদনের জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে নথি পাঠানো হয়েছে। হিসাবরক্ষণ কার্যালয় এবং অর্থ বিভাগের অনুমোদনের পরই এসব কার্যালয় স্থাপন এবং জনবল নিয়োগের কার্যক্রম শুরু করা হবে।
জনবল সঙ্কটের কারণেই পরিবেশ বিপন্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে বলে জানান হাছান মাহমুদ।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবেশ রক্ষা কার্যক্রম পরিচালনা, পরিবেশ বিপন্নকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও তদারকি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইচ্ছা থাকা সত্ত্বেও সরকার তেমন ব্যবস্থা নিতে পারছে না। পরিবেশ অধিদপ্তরে জনবল সঙ্কট পুরো পরিবেশ রক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে। আগের সরকারগুলো এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।"
ঢাকা মহানগরীর পুরো পরিবেশ রক্ষা কার্যক্রম তদারকি ও ব্যবস্থা নিতে কাজ করে দু'জন পরিদর্শক। প্রায় পাঁচ হাজার শিল্প কারখানা এবং দেড় কোটি মানুষের শহরের জন্য এ জনবল অত্যন্ত কম বলে মনে করেন অধিদপ্তরের কর্মকর্তারা। তাই সরকার নতুন পদ সৃষ্টি এবং বিভাগীয় শহরে বাইরে ২১টি জেলা কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এসব কার্যক্রম শেষ হলে দেশে পরিবেশ রক্ষা কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। যা পরিবেশ উন্নয়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশকে সহায়তা করবে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পরিবেশ অধিদপ্তর গত বছরের নভেম্বর মাসে নতুন কার্যালয় স্থাপন এবং জনবল নিয়োগের প্রস্তাবটি অনুমোদনের জন্য হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠায়। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এর অনুমোদন পাওয়া যাবে।
যে সব বিভাগে নতুন কার্যালয় হবে, তা হলো- বরিশাল ও সিলেট। ১৭ বছর আগে বরিশাল বিভাগ এবং ১৫ আগে সিলেট বিভাগ গঠন হলেও পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যালয় স্থাপন করা হয়নি। নবগঠিত রংপুর বিভাগ এ কার্যক্রমের আওতায় আসছে না। এখানে জেলা কার্যালয় হবে একটি।
এছাড়া 'ক' ও 'খ' ক্যাটাগরিতে পুরোনো জেলা শহরগুলোতে জেলা কার্যালয় স্থাপন করা হবে। এর মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা 'ক' ক্যাটাগরিতে পড়েছে।
মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, রংপুর, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় 'খ' ক্যাটাগরির কার্যালয় স্থাপন করা হবে।
কর্মকর্তারা জানান, নিয়োগের জন্য নতুন করে ৪৬৮টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত মহাপরিচালকের একটি পদসহ ১২৪টি প্রথম শ্রেণীর, ৮১টি দ্বিতীয় শ্রেণীর, ১৬৯টি তৃতীয় শ্রেণীর এবং ৯৪টি চতুর্থ শ্রেণীর পদ।
অনুমোদনের পর আগামী তিন বছরে পর্যায়ক্রমে এসব পদ পূরণ করা হবে বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১১৩০ ঘ.
bdnews24