ঝিনাইদহ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ী অপহরণের অভিযোগ এনে থানায় মামলা করেছে তার পরিবার।
অপহৃত ব্যবসায়ী হলেন শৈলকুপা উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ। মঙ্গলবার দুপুর থেকে তার সন্ধান মিলছে না বলে জানিয়েছেন তার ছেলে মামুনূর রশিদ।
এ অভিযোগে মামলার পর মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও লতিফের কোনো সন্ধান পায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন।
লতিফের বাড়ি ভাটৈ বাজারের পাশের আহসাননগর গ্রামে।
মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড়বাড়ি বগুড়া গ্রামের ব্যবসায়ী মুস্তাফুর রহমানের কাছ থেকে পাওনা ৩ লাখ ৭৫ হাজার টাকা আনতে মঙ্গলবার দুপুরে বাবা মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান নেই।"
এরপর থেকে লতিফের মোটর সাইকেলেরও কোনো হদিস নেই এবং তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এরপর মামুন শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন বলে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন।
মুস্তাফুরকে আটকের বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুস্তাফুর বলছেন, কবিরপুর অগ্রণী ব্যাংকের সামনে তিনি লতিফকে ২ লাখ টাকা দিয়েছেন। কিন্তু তা বিশ্বাস হচ্ছে না।"
এ কারণে আরো জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাফুরকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24