নরসিংদী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল পৌরভবনে বুধবার দুপুরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ সময় আহত হন পৌরসভার মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ (৪০), হিসাবরক্ষক শহিদুল ইসলাম (৪৫), কার্য সহকারী আক্তার ফারুক (৪৫) ও এমএলএসএস গোলজার হোসেন স্বপন (৩০)।
হামলাকারীরা অফিসের কম্পিউটার, টেলিফোন সেট, ফাইল কেবিনেট, আসবাবপত্র ভাংচুর এবং ৩০ হাজার টাকা লুট করে।
এ ঘটনায় হিসাবরক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, পলাশ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান এস. জে. এইচ এন্টারপ্রাইজের ঠিকাদারী কাজের বিল পরিশোধে বিলম্বের অভিযোগে ১৫/১৬ জন যুবক পৌরসভার হিসাবরক্ষক শহিদুল ইসলামকে মারধর করে। তাদের বাধা দিলে মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, কার্য সহকারী আক্তার ফারুক, এমএলএসএস স্বপনকে মারধর করে।
এ সময় তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, টেলিফোন সেট, স্টিলের আলমারি ভাংচুর এবং ৩০ হাজার টাকা লুট করে।
পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
শহিদুল ইসলামকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর স্থানীয় নবকুমার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
আসামিরা হলেন- হোসন, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, বদরুল, গাফফার ও মাসুম। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পৌরসভার সচিব মনিরুজ্জামান জানান, নির্বাচিত মেয়র না থাকায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এ কারণে পৌরসভার উন্নয়ন কাজের বিল দিতে দেরি হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান এস. জে. এইচ. এন্টারপ্রাইজের পক্ষে হোসেন নামের এক সন্ত্রাসী লোকজন নিয়ে হামলা চালায়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা ইয়াসমিন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24