২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক প্রহারের জের, চাষাড়ায় অবরোধ

র‌্যাবের চালক প্রহারের জের ধরে বুধবার সকালে চাষাড়ায় রেল ও রাজপথ অবরোধ করে একদল পরিবহন শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-র‌্যাবের চালক প্রহারের জের ধরে বুধবার সকালে চাষাড়ায় রেল ও রাজপথ অবরোধ করে একদল পরিবহন শ্রমিক। এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন এক ঘন্টা ও নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা জানায়, সকাল ৮টায় শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় নারায়ণগঞ্জ-ঢাকা রুটের বন্ধন পরিবহনের একটি বাস ঘোরানোর সময় যানজট সৃষ্টি হয়। এ সময় বাসটির ধাক্কায় র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের একটি মটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে র‌্যাবের দুই সদস্য বাসের চালককে মারধর করে। তারা আরো জানায়, র‌্যাব সদস্যরা চলে যাওয়ার পর পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, সিদ্ধিরগঞ্জ, মেঘনা, ডেমরা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে একটি ট্রেন ঢাকার পথে ছাড়ার আগ মুহূর্তে সেটি সোয়া ১০টা পর্যন্ত আটকে রাখে তারা। র‌্যাব কর্মকর্তাদের আশ্বাসের পর সকাল ১১টায় শ্রমিকরা অবরোধ তুলে নিলে বাস চলাচল শুরু হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, দুপুরে এ বিষয়ে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসে বাস শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে র‌্যাব কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/১৯০০ ঘ.