২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় যৌথ ফোরাম করবে বাংলাদেশ-ভারত

সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাংলাদেশ ও ভারত যৌথ ফোরাম গঠন করবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাংলাদেশ ও ভারত যৌথ ফোরাম গঠন করবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুন্দরবন যেন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায় সেজন্যও এ ফোরাম কাজ করবে। পরিবেশ প্রতিমন্ত্রী বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানান। এ বিষয়ে ভারত ইতিমধ্যে বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "দু'দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এ ফোরাম গঠন করা যাবে।" পরিবেশ ও বন মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ফোরাম গঠন বিষয়ে ভারতকে ইতিবাচক সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ড. হাছান। প্রতিমন্ত্রী জানান, ভারতও একই সময়ের মধ্যে কাজটি শেষ করতে চায়। গত ৪ এপ্রিল ভারতের কোলকাতায় এক যৌথ বৈঠকে এ আভাস দিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ। সুন্দরবনকে পৃথিবীর সপ্তাশ্চর্যের তালিকায় স্থান দিতে ভারতেও প্রচার শুরুর জন্য পরিবেশ ও বন প্রতিমন্ত্রী গত ৪ এপ্রিল কোলকাতা যান। এ সময় প্রতিমন্ত্রী কোলকাতায় জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত একটি সেমিনারে অংশ নেন। পরে তিনি ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেন। "সুন্দরবনের ৪০ শতাংশ ভারতে," জানিয়ে ড. হাছান বলেন, "এটিকে সপ্তাশ্চর্যের মধ্যে রাখতে হলে আমাদের আরো প্রায় ১৫ কোটি ভোটের প্রয়োজন। কিন্তু এটি এককভাবে বাংলাদেশে যোগাড় করা সম্ভব নয়।" তাই এর প্রচার ও ভোট দান প্রক্রিয়ায় ভারতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ৪ এপ্রিলের বৈঠকে ভারতের কেন্দ্রীয় সরকারকে প্রচার জোরদারের অনুরোধ করা হলে তারা এ প্রস্তাব গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও এ সংক্রান্ত প্রচার জোরদার করবে। একইসঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশগত রক্ষণাবেক্ষণ ও প্রাণিকূল রক্ষায় যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দু'দেশ। ড. হাছান বলেন, "এ কারণেই যৌথ ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, বাংলাদেশ সুন্দরবন ও এর সম্পদ রক্ষা এবং উন্নয়নে আশেপাশের ৭২ গ্রামের মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। সামাজিক বনায়ন ও রক্ষণাবেক্ষণে নেওয়া এ কর্মসূচি বাস্তবায়ন হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষও উপকৃত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০০ ঘ.