২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নরসিংদীতে অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল সোমবার দুপুরে আবার শুরু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 05:40 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

নরসিংদী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল সোমবার দুপুরে আবার শুরু হয়েছে। রায়পুরা উপজেলার খানাবাড়ীতে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার দাবিতে সকাল ৮টায় স্থানীয়রা রেলপথ অবরোধ করে। এতে ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। নরসিংদীর সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয়রা অবরোধ তুলে নেওয়ার পর দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলোও গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তিনি বলেন, তিতাসের যাত্রাবিরতির জন্য ওই এলাকার লোকজন দাবি জানিয়ে আসছিলো। সকাল ৮টায় তারা রেললাইনের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এ কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নরসিংদী স্টেশনে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী জিনারদী স্টেশনে, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে বলে মুসা জানান। অবরোধের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.