চুয়াডাঙ্গা,এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
দর্শনা রেলওয়ে এলাকায় বাজারের একটি চায়ের দোকানে বসে নাশকতামূলক কাজের পরিকল্পনা করছে- এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায় বলে জানি জানিয়েছেন চুয়াডাঙ্গা র্যাব ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন রাজিব হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি র্যাব কর্মকর্তার বরাত দিয়ে জানান, আটকৃতদের কাছ থেকে একটি শাটারগান ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামের লিয়াকত (৪৫), কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামের রানা (৩৫), একই উপজেলার উত্তর কয়া গ্রামের জাফর ইকবাল (৩৫), করাতকান্দী গ্রামের ডালিম (৩৩), জাহিদপুর গ্রামের রবিউল ইসলাম (৩৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের ইসরাইল (৩৫)।
র্যাব কর্মকর্তা রাজিব জানান, জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24