চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, ওসি বাবর আলী ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা নথিভুক্ত করেছেন।
তবে ওই পুলিশ কর্মকর্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেন।
সকাল ১১টায় উপজেলা সদরের রহনপুর পৌর এলাকার ডাক বাংলো মোড় থেকে মিছিল শুরু করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপিও দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস প্রমুখ।
ওসি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে 'অসৌজন্যমূলক' আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গোমস্তাপুর থানার ওসি বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24