ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরির অভিযোগে শুক্রবার ভোরে আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বাসা থেকে হাসপাতালের ইনজেকশনসহ প্রায় চার লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিকেল কলেজের পূর্বগেট এলাকা থেকে মতিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, একটি চক্র রোগীদের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করে আসছিলো। মতিন ওই চক্রের সদস্য।
তবে মতিন সাংবাদিকদের বলেন, সরকারি ওষুধ বাইরে বিক্রির সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত।
মতিনের এ দাবির সত্যতা জানতে চাওয়া হলে হাসপাতালের পরিচালক আনিসুল করিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24