২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার নিয়ে উদ্বেগ সংসদ সদস্যদের

নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 10:19 AM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। এসব মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের ওপর জনগণের আস্থায় ধস নামতে পারে বলে মনে করছেন তারা। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় সংসদ সদস্যরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য সাইদুল হক বলেন, চাল, গম, ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে সরকারকে লক্ষ রাখতে হবে। "বাজার নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ হওয়ায় সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে", বলেন তিনি। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমিনা আহমেদ বলেন, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ বাজেটের মূল পদক্ষেপগুলোর একটি হওয়া উচিৎ। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির সঙ্কট বিনিয়োগের পথে মূল বাধা বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, গৃহস্থালির কাজে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির মূল কারণ গ্যাসের অভাব। তিনি বলেন, "গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলে এর মূল্য কিছুটা বাড়লেও সাধারণ মানুষ খুব বেশি অসন্তুষ্ট হবে না।" যশোরের মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, "সঙ্কট এখন চরমে, কিন্তু উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগ নেই। প্রতিবছর বিদ্যুৎ চাহিদা ১০ থেকে ১২ শতাংশ করে বাড়ছে।" লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংসদ অলি আহমদ সঙ্কট কটাতে জলবিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেন। এক্ষেত্রে কয়লা ব্যবহারের পরামর্শও দেন তিনি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ওপর সরকারি নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষকে এ জন্য শাস্তি দেওয়া যায় না। তিনি বাজেট বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়কে একটি সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দেন। অলি বলেন, "জুলাই মাসের মধ্যে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করে অক্টোবর মাস থেকে প্রকল্প বাস্তবায়ন শুরু করতে হবে।" অর্থমন্ত্রী মুহিত সাংসদদের বলেন, "জ্বালানি সঙ্কট নিরসনে লিক্যুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির কোনো বিকল্প নেই। এর সুবিধা ভোগের জন্য কমপক্ষে দেড় বছর সময় লাগবে।" কয়লা নীতির সুবিধা ভোগ করার জন্য জন্য কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে বলে জানান তিনি। মুহিত বলেন, "গত নয় মাসে উন্নয়ন কাজের গতি ছিলো চমৎকার এবং যে আমলাতন্ত্রকে প্রায়ই দোষারোপ করা হয়, তার মধ্যে দিয়েই এসব কাজ হয়েছে।" আলোচনায় স্থলপথের ওপর নির্ভরতা কমিয়ে রেলপথ ও জলপথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্যরা। অর্থমন্ত্রীও এতে সমর্থন জানান। এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কয়লা নীতি সংক্রান্ত আরো কিছু বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএম/কিউএইচ/এমআই/১৬১২ ঘ.