ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চ্যালেঞ্জের জবাব দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
নবম সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে সালাউদ্দিনকে হারানোর কথা তুলে ধরে তিনি বলেছেন, এ চ্যালেঞ্জের নিষ্পত্তি সেখানেই হয়ে গেছে।
আওয়ামী লীগ নেতা হাছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই আসনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন।
যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রেক্ষাপটে সালাউদ্দিন কাদের বুধবার প্রধানমন্ত্রীকে তার নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে বলেন, এতে প্রধানমন্ত্রী জিততে পারবেন না।
বিএনপির এ সংসদ সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
হাছান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপির স্থায়ী কমিটির নেতা হলেও তাদের পদগুলো অস্থায়ী। এসব বেশিদিন টিকে না। তাই স্থায়ী কমিটির 'অস্থায়ী' ওই নেতা টিকে থাকার প্রয়োজনে এ ধরনের 'মুখরোচক' কথা বলেছেন।
"৩০ হাজার ভোটের ব্যবধানে তাকে হারানোর মধ্য দিয়ে এ ধরনের চ্যালেঞ্জ 'মূল্যহীন' হয়ে গেছে।"
পৈত্রিক এলাকা রাঙ্গুনিয়ার ওই আসনে নবম সংসদ নির্বাচনে হাছান মাহমুদের কাছে পরাজিত হন সালাউদ্দিন। তবে ফটিকছড়ির আসনে জিতে সংসদে আছেন তিনি।
হাছান মাহমুদ বলেন, "তার নেত্রীকে (খালেদা) আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আসুন, আমার আসনে নির্বাচন করে জনপ্রিয়তা যাচাই করুন।"
যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় জাতিকে বিভ্রান্ত করতে সালাউদ্দিন 'বিভিন্ন' কথা বলছেন বলে মনে করেন প্রতিমন্ত্রী।
"কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচারের যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন করা হবেই। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করা হবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪১৪ ঘ.
bdnews24