ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তথ্য-প্রমাণ চেয়েছে এ সংক্রান্ত তদন্ত সংস্থা।
মঙ্গলবার দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন সাংবাদিকদের বলেন, "একাত্তরে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে।"
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের প্রধান মফিদুল হক সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান মতিন।
২৫ মার্চ তদন্ত সংস্থা গঠিত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য-প্রমাণ চাওয়া হলো।
জাদুঘর পরিদর্শনের সময় তদন্ত সংস্থার সদস্য সাবেক অতিরিক্ত আইজিপি আবদুর রহিম, সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহীদুল ইসলাম, আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন ও আইনজীবী প্যানেলের সদস্য মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
মতিন বলেন, "আমরা ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ঘটনার তথ্য-প্রমাণ চেয়েছি।"
কী ধরনের তথ্য-প্রমাণ তদন্ত সংস্থা সংগ্রহ করছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে তথ্য চাওয়া হবে। সেটা টেকনিক্যাল ও ওরাল দুই রকম এভিডেন্স হতে পারে। "
তথ্য সংগ্রহে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না জানিয়ে সংস্থার প্রধান বলেন, "কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে নোটিশ দিয়ে জানানো হবে।"
মোশাররফ হোসেন বলেন, "মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে ১৪ হাজারেরও বেশি তথ্য প্রমাণ আছে। অপরাধ প্রমাণে এখান থেকে অনেক তথ্য-প্রমাণ সাহায্য করবে।"
"একাত্তরে যারা অপরাধ করেছে পাকিস্তানেও তাদের অনেক তথ্য-প্রমাণ নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে," জানিয়ে কাজল বলেন, "পাকিস্তান থেকে আমরা সে বইগুলো সংগ্রহ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/পিডি/১৮৪৭ ঘ.
bdnews24