নাটোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে শিশুদের পাঁচটি রোগ প্রতিরোধে অত্যাবশ্যকীয় ১২ লাখ টাকা মূল্যের ভ্যাকসিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতের এ ঘটনায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের গুদামরক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা তদন্তে ওষুধ গুদামের প্রাপ্ত কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে বলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান।
নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, তারা সোমবার সন্ধ্যায় নাটোরের দত্তপাড়া থেকে সিরাজগঞ্জগামী বাসযাত্রী আব্দুস সামাদকে (৩৮) তিনশ'টি সরকারি পেন্টা ভেলেন্ট ভ্যাকসিনসহ আটক করেন।
জিজ্ঞাসাবাদে সামাদ পুলিশকে জানান, ওই ভ্যাকসিন নাটোর শহরের কান্দিভিটা মহল্লায় সিভিল সার্জন কার্যালয়ের নৈশপ্রহরী ইউনুস আলীর বাড়ি থেকে এনেছেন। তার কথামত পুলিশ রাত সাড়ে ৮টায় ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে আরো ১৪'শ টি ভ্যাকসিন উদ্ধার করে।
ওই সময় নৈশ প্রহরী ইউনুস আলী বাড়ি ছিলেন না।
তবে তার স্ত্রী শাইমা বেগম পুলিশকে জানান, ভ্যাকসিনগুলি সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী শহিদুল ইসলাম রেখে গেছেন।
তার কথামত সিভিল সার্জন কার্যালয়ের গুদামরক্ষক (স্টোর কিপার) ফজলুর রহমানকে আটক করা হয়। শহিদুল ইসলাম পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
গোয়েন্দা পুলিশ ভ্যাকসিনবাহক আব্দুস সামাদ, গুদামরক্ষক ফজলুর রহমান ও নৈশপ্রহরী ইউনুস আলীর স্ত্রী শাইমা বেগমকে সদর থানায় সোপর্দ করেছে।
এসআই আব্দুল হান্নান বলেন, সরকারি গুদাম থেকে কিভাবে এতগুলো ভ্যাকসিন চুরি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে গুদামের দায়িত্বে থাকা ডা. তুলশী রায়সহ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উদ্ধারকৃত ভ্যাকসিনের বাজার মূল্য ১২ লাখ টাকার ওপরে বলে তিনি জানান।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঔষুধ চুরি যাওয়ার কথা স্বীকার করে বলেন, "অপরাধী যে-ই হউক তাকে কঠোর শাস্তি পেতে হবে।"
পুলিশের পাশাপাশি তিনি ঘটনা তদন্তে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তুলশী রায়কে আহ্বায়ক করে একটি কমিটি করেছেন বলে জানান।
গুদাম কর্মকর্তাকে তদন্ত দলের আহ্বায়ক করা যুক্তিযুক্ত হয়েছে কি না জানতে চাইলে সিভিল সার্জন বলেন, অন্য ডাক্তার না থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটিতে একজন ম্যাজিষ্ট্রেটও রয়েছেন।
তিনি আরো জানান, চুরি যাওয়া ভ্যাকসিনগুলি দক্ষিণ কোরিয়ার উৎপাদিত হেপাটাইটিস বি ও ডিপথেরিয়াসহ শিশুদের পাঁচটি মারাত্মক রোগের প্রতিরোধক। স
bdnews24