খাগড়াছড়ি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চাপের মুখে সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কার্বারী পদত্যাগ করেছেন।
তবে পরিষদের তিন সদস্য এখনো পদত্যাগ করেননি।
পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
দুপুর পৌনে ১টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষের কাছে পদত্যাগপত্র জমা দেন।
তরুণ কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কার্বারী তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। এরপর তা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগে ফ্যাক্সযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পদত্যাগী চেয়ারম্যান রুইথি কার্বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবরোধকারীদের চাপের মুখে ও জীবনের নিরাপত্তার স্বার্থে তাদের অগাম লেখা একটি পদত্যাগপত্রে আমি স্বাক্ষর করেছি। স্বেচ্ছায় পদত্যাগ করিনি।"
এই ব্যাপারে পৌর আওয়ামী লীগ সম্পাদক ক্যজরী মারমা বলেন, "আমাদের আন্দোলনের কারণে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তবে এখনো তিন সদস্য জামায়াতের আবু বকর ছিদ্দিক, বিএনপি'র সানুমং মারমা ও অনিমেষ দেওয়ান নন্দিত পদত্যাগ করেননি।
"আমরা আশাবাদী তারাও কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব।"
গত ২০০৮ সালে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনুপম ত্রিপুরা হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা গ্রেপ্তার হলে তাকে বরখাস্ত করা হয়। এরপর সদস্য রুইথি কার্বারীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়। পরে মণীন্দ্র লাল ত্রিপুরা উক্ত মামলায় বেকসুর খালাস পেলে ফের চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। কিন্তু সরকার তা না করে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে। মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি।
গত শনিবার স্থানীয় আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবি করে আন্দোলনের হুমকি দেয়। পরদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24