২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী বিদ্রোহের রায় ১৮ এপ্রিল

আগামী ১৮ এপ্রিল ফেনীর বিডিআর বিদ্রোহ মামলার রায় ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 07:23 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ফেনী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ এপ্রিল ফেনীর বিডিআর বিদ্রোহ মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার দুপুরে বিশেষ আদালতে রায়ের তারিখ ঘোষণা করেন আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিডিআর বিদ্রোহের ঘটনায় ফেনীতে স্থাপিত বিশেষ আদালতের ষষ্ঠ দিনের কার্যক্রম সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪০ জন আসামি মৌখিক ও লিখিত বক্তব্য দেন। এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাহউদ্দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানা ও ফেনীর জায়লস্করে সংঘটিত ঘটনাবলীর বর্ণনা দেন এবং ফেনী বিডিআর ক্যাম্পে বিদ্রোহে জড়িতদের শাস্তি দাবি করেন। প্রসিকিউটরের যুক্তিতর্কের বিপরীতে আগের দেওয়া বক্তব্যে দোষ স্বীকার না করা চার আসামি যুক্তি খণ্ডন করেন এবং নিজেদের নির্দোষ দাবি করেন। এরা হলেন- হাবিলদার রুহুল আমিন, সিপাহী মো. মিজানুর রহমান, সিপাহী মো. বশির আহমদ ও সিপাহী মহিউদ্দিন রনি। তবে আগে নিজেদের দোষ স্বীকার করা ৫৮ আসামি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। এরা প্রায় সবাই না বুঝে ভুল করেছিলেন বলে দাবি করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। বিচারক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ। রোববার ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেল্স ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের বিচারের তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৫ জানুয়ারি পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। মামলার ৬২ আসামির মধ্যে ৫৮ জন ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীতে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়। ওই সময় বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেনীসহ কয়েকটি ব্যাটালিয়ন ও সেক্টরের কিছু সদস্য। ফেনীর বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয় এবং ফেনী-মাইজদী সড়ক অবরোধ করে। এই ঘটনায় দাগনভূঞা থানা পুলিশ ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা করে। তারা ফেনী কারাগার রয়েছেন। দোষ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। গত বছরের ২০ ডিসেম্বর ফেনীতে বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/কিউএইচ/১৩২৫ ঘ.