২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া চট্টগ্রামের পথে

বিভাগীয় সমাবেশে যোগ দিতে সোমবার সকালে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 06:19 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় সমাবেশে যোগ দিতে সোমবার সকালে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া। বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীরর লাল দিঘীর ময়দানে বিভাগীয় এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর সকাল পৌনে ৮ টায় রওনা হয়। গাড়িতে তার সঙ্গে দলের সহসভাপতি সেলিমা রহমান রয়েছেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ম্যাডাম ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতি করবেন। এরপর চট্টগ্রামে পৌঁছে সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে দলীয় সমাবেশে যোগ দেবেন।'' বিএনপি ৬ টি বিভাগীয় শহরে যে সমাবেশ অনুষ্ঠানের এই কর্মসূচি নিয়েছে, এটি তার প্রথমটি। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খালেদা জিয়ার এটি চট্টগ্রামে প্রথম সমাবেশ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রাবাড়ি, চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লাসহ কয়েকটি স্থানে রাস্তার দুই পাশে দলের নেতা-কর্মীরা তাদের নেত্রীকে করতালি দিয়ে স্বাগত জানায়। খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। এদিকে চট্টগ্রামে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একাত্তর সালে মেজর জিয়া এই চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এজন্য চট্টগ্রাম থেকে বিভাগীয় সমাবেশ শুরু করছি। চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা ভারতকে প্রদান, পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতিসহ দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবণতির প্রেক্ষাপটে এই জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশনেত্রী খালেদা জিয়া।'' তিনি আরও জানান, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সরকারের নানা প্রতিবন্ধকতার পরও এই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় সমাবেশ অনুষ্ঠান শেষে ঢাকায় পল্টন ময়দানে বিএনপি মহাসমাবেশ করবে বলে জানান মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১০৩০ঘ