সিরাজগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের মেরামত কাজ শেষ না হতেই একশ' ফুট অংশের ব্লক দেবে গেছে।
রোববার ভোররাতে কাজিপুর নৌকা ঘাটের দক্ষিণে যমুনাতীরে বাঁধের ব্লক দেবে যায় বলে জানান স্থানীয়রা।
তারা জানান, শনিবার রাত ১০টার পর থেকেই বাঁধের ওই অংশে পানির তলদেশ থেকে বুদবুদ উঠছিল। এছাড়া বাঁশ ও বালুর বস্তা ভেসে উঠে আসতে দেখেন তারা।
বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানালে সকাল ওই স্থানে বালির বস্তা ও ব্লক ফেলা হয়।
পানি উন্নয়ন বোর্ড (বিআরই)-এর বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় ঢেউয়ের আঘাতে মাটি সরে যাওয়ায় এ অবস্থা হয়েছে।
তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ডুবুরি দিয়ে পানির নিচে মাটির ক্ষয় রোধে কাজ শুরু করা হবে।
কাজিপুর নৌকাঘাটের মুদি দোকানি কুরান মাঝি বলেন, লোকজনের হৈ চৈ শুনে রাত ১টার দিকে তিনি ঘুম থেকে উঠে টর্চ জ্বালিয়ে দেখেন ব্লকের নিচে বুদবুদ উঠছে এবং ব্লক আস্তে আস্তে দেবে যাচ্ছে।
বাঁধ সংলগ্ন গয়লা গ্রামের নূরুল ইসলাম ভূইয়া জানান, "১০-১২ বার ভাঙ্গনের পর এখানে এসে আশ্রয় নিয়েছি। কিন্তু এখানেও নিরাপদে নেই। সামনে বর্ষা মৌসুম, তখন কি হবে তাই নিয়ে আমরা চিন্তিত।"
গত বছর ভাঙ্গনে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু হয় গত ৫ ফেব্র"য়ারি। আগামী ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পাউবো'র বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, "নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তবুও হঠাৎ কেন ব্লক সরে গেল আমরা তা বুঝতে পারছিনা।"
ক্ষতিগ্রস্ত ২২০ মিটার অংশে প্রায় পৌনে ১৬ কোটি টাকা ব্যয়ে মেরামত কাজ চলছে তিনি জানান।
গত বছরের ১০ ও ১৭ জুলাই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় এক হাজার ফুট নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24