২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরে কাজ ব্যাহত

চাকরিচ্যুতদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কাজ ব্যাহত হচ্ছে। এদিকে শ্রমিকদের মূল দাবি মানা হয়েছে দাবি করে তাদের এ কর্মসূচিতে অসন্তোষ প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 04:59 AM

Updated : 24 Aug 2022, 07:58 PM

ঢাকা/চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিচ্যুতদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কাজ ব্যাহত হচ্ছে। এদিকে শ্রমিকদের মূল দাবি মানা হয়েছে দাবি করে তাদের এ কর্মসূচিতে অসন্তোষ প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের ডাকে রোববার সকাল থেকে কর্মবিরতি করছে শ্রমিকরা। এতে বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ হয়ে গেছে। তবে বহির্নোঙ্গরে থাকা জাহাজগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন। কর্মবিরতির কর্মসূচি বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর। বিভিন্ন সময় কর্মচ্যুত শ্রমিকদের মধ্যে ২ হাজার ৭০০ জনকে চাকরিতে পুনর্বহালের জন্য গত জানুয়ারিতে বাছাই করা হয়। তাদের নিয়োগ দাবিতেই শ্রমিকদের এ কর্মসূচি। শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে- দরপত্রের মাধ্যমে বন্দরে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, ডরমিটরি স্থাপন ইত্যাদি। আলমগীর সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে শনিবার রাতে ঢাকায় নৌপরিবহনমন্ত্রীর বৈঠক হয়। কিন্তু কোনো 'ফলপ্রসূ' কোনো সিদ্ধান্ত না হওয়ায় তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বন্দর সচিব ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরের জেটিতে পণ্য-ওঠানামার কাজ বন্ধ হয়ে গেছে।" তবে বন্দরে জাহাজ চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অপর একটি অংশ কাজ করছে। ফরহাদ জানান, বন্দরের ১২টি জেটিতে রোববার সকালে পাঁচটি জাহাজ ছিলো, দুপুরে এর সঙ্গে আরো পাঁচটি যোগ হচ্ছে। এছাড়া বর্হিনোঙ্গরে ২১টি জাহাজ রয়েছে বলে জানান তিনি। বন্দর সচিব আরও জানান, চট্টগ্রাম বন্দরের ১২ টি জেটিতে রোববার সকালে নাগাদ ৫টি জাহাজ ছিল। এছাড়া দুপুর নাগাদ আরও পাঁচটি ভেড়ার কথা রয়েছে। এছাড়া বন্দরের বর্হিনোঙ্গরে ২১ টি জাহাজ রয়েছে। এদিকে নৌপরিবহণমন্ত্রী শাজাহান সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সব দাবি এ মুহূর্তে সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর নয়। কিছু দাবি ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে। তিনি বলেন, "তাদের মূল দাবি ছিলো বিভিন্ন সময়ে কর্মচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা। সে দাবি সরকার মেনে নিয়েছে। "দাবি অনুযায়ী ইতিমধ্যে বার্থ অপারেটররা পর্যায়ক্রমে ২ হাজার ৫০০ শ্রমিককে চাকরিতে বহালে সম্মত হয়েছে। এরপরও ডক শ্রমিক ফেডারেশন নেতারা নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখতে এই কর্মবিরতি করছে। যা শ্রম আইনের পরিপন্থী।" শ্রমিক নেতা শাজাহান বলেন, "কর্মবিরতি বা ধর্মঘট অবৈধ ও অযৌক্তিক নয়। তবে ধর্মঘট করার জন্য শ্রম আইনের কিছু সুনির্দিষ্ট বিধান রয়েছে। এসব মেনেই কর্মবিরতি করতে হয়।" তবে পুলিশ দিয়ে লাঠিপেটা না করে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সরকার সমস্যার সমাধান করতে চায় বলে জানান তিনি। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ। এরপর কর্মচ্যুতদের মধ্যে চাকরি দেওয়ার জন্য গত জানুয়ারিতে প্রায় ২ হাজার ৭০০ শ্রমিককে নির্বাচিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমসি/এমআই/১৩১২ ঘ.