ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুটিকয়েক সদস্যের জন্য বাহিনীর মর্যাদা যেন ভূলুণ্ঠিত না হয়, সে জন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।
র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার র্যাব সদর দপ্তরে বার্ষিক দরবার বাহিনীর সদস্যদের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।
২০০৪ সালের ২৬ মার্চ সন্ত্রাস দমনে গঠিত হয় বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিচার বহির্ভূত হত্যা এবং চাঁদাবাজি-ছিনতাইয়ের বিভিন্ন অভিযোগের মুখে বাহিনীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসান মাহমুদ বলেন, "আমরা কখনোই বলি না সমানভাবে সততার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের মধ্যেও স্খলন আছে, অবক্ষয় আছে, ব্যত্যয় আছে। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এ সংখ্যা খুবই সীমিত।"
র্যাব সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "যে নিষ্ঠা, সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করছেন তা যেনো গুটিকয়েক সদস্যের কারণে ভূলুণ্ঠিত না হয়। যদি কথায় কাজ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন র্যাবের 'ক্রসফায়ার'র সমালোচনা করে আসছে। গত বছর এ নিয়ে আদালতও অসন্তোষ প্রকাশ করে।
তবে র্যাবের ওপর জনগণ এবং সরকারের আস্থা রয়েছে বলে দাবি করেন বাহিনীর মহাপরিচালক। তিনি বলেন, মাদক ও জঙ্গি দমনে এ বাহিনী 'ঈর্ষণীয়' সাফল্য পেয়েছে।
চলচ্চিত্র 'অশ্লীলতা' মুক্ত করতে র্যাব সফল হয়েছে দাবি করে হাসান মাহমুদ বলেন, "কাজটি কঠিন ছিলো। র্যাব দায়িত্ব নেওয়ার পর সার্থকতার সঙ্গে তা করতে পেরেছে, তাই এখন চলচ্চিত্র অঙ্গনে সুবাতাস বইছে।"
"নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা কাজ করছি, জনগণ ও সরকারের প্রত্যাশা অনেক বেশি; সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে", র্যাব সদস্যদের প্রতি বলেন হাসান মাহমুদ।
দরবারে র্যাবের ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের অধিনায়করাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24