২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনি শ্রমিকদের ধর্মঘট-অবরোধ চলছে

বড়পকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট শুক্রবার চতুর্থ দিনের মতো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 08:08 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

দিনাজপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট শুক্রবার চতুর্থ দিনের মতো চলছে। ধর্মঘটের পাশাপাশি শ্রমিকদের অবরোধের কারণে পার্বতীপুরের সঙ্গে ঢাকা, রাজশাহীর রেল যোগাযোগও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিকদের বৈঠক হলেও তা ভেস্তে যায়। বেতন বাড়ানোর দাবিতে সোমবার রাত থেকে খনির এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে খনির সব ফটকে অবস্থান নেওয়ায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অবরুদ্ধ রয়েছে। শুক্রবার ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং রাজশাহী ও খুলনাগামী বরেন্দ্র ও রূপসা ট্রেন পার্বতীপুর থেকে ছেড়ে যায়নি বলে জানিয়েছেন দিনাজপুর রেল স্টেশনের স্টেশন সুপারিটেনডেন্ট আব্দুল হক। বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা গাছের ডাল কেটে রেললাইনের ওপর ফেলে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. নূরুজ্জামান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের আন্দোলনের সঙ্গে বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক-কর্মচারী এবং কয়লা খনিতে লোড-আনলোডের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা একাত্মতা ঘোষণা করেছে। কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনের সহায়তায় খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে নিরাপত্তাহীনতার কারণে তারা খনি এলাকার বাইরে যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪০০ ঘ.