মাগুরা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর-মাগুরা সড়কে শুক্রবার সকালে একটি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অপর চারজন।
সকাল ৭টার দিকে মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের মাগুরা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতরা হলেন- মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে সায়েম মণ্ডল (৩৫) ও উজ্জল শেখ (৩২)। ট্রাকভর্তি পেঁয়াজ নিয়ে তারা খুলনা যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।
আহতরা হলেন- মাগুরা জেলা সদরের আমিরুল ইসলাম (৪০), ইসলাম আলী (৫৫), নিরঞ্জন বিশ্বাস (২২) ও রাজবাড়ী জেলার পাংশার এমদাদ হোসেন (৪৫)।
তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24