ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি মো. শামসুল হুদা মানিক বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুইটি পিকআপের মাঝখানে পড়ে তার গাড়ি বেশ ক্ষতিগ্রস্থ হয়। তিনি মাথায় এবং ঘাড়ে আঘাত পেয়েছেন।
শাহবাগ থানা পুলিশ পিকআপ দুইটি আটক এবং দুই চালককে গ্রেপ্তার করেছে।
শামসুলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুইটি গাড়ি দিয়ে তার গাড়িকে আঘাত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেছেন তার মেয়ে শাহিন সুলতানা শান্তা।
এটি একটি দুর্ঘটনা না বিচারপতিকে হত্যার উদ্দেশ্যে এটি করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে রমনা বিভাগের উপ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মো. রুবেল এবং মো. আব্দুল আলি নামে দুইচালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শান্তা জানান, তারা বাবা হাইকোর্ট থেকে বেরিয়ে সেগুনবাগিচার বাসায় ফিরছিলেন। তাকে বহনকারি গাড়ি মৎস ভবন অতিক্রম করার সময় পেছন দিক থেকে একটি পিকআপ আঘাত করে। এসময় সামনেও একটি পিকআপ ছিল।
তাকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে শান্তা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলা বাতিল করা হাইকোর্ট বেঞ্চের দুই বিচারকদের একজন শামসুল।
গত ১১ মার্চ মামলাটি বাতিল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/পিডি/২২১৬ ঘ.
bdnews24