২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা ৩: বিএনপি'র সেনা মোতায়েন দাবি নাকচ

শূন্যঘোষিত ভোলা-৩ আসনে আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে বিএনপির দাবি নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:25 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূন্যঘোষিত ভোলা-৩ আসনে আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে বিএনপির দাবি নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির দাবি নাকচের কথা জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে নির্বাচন হবে। বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, "সেনাবাহিনীকে যখন তখন ব্যবহার না করাই ভালো"। মঙ্গলবার প্রধান বিরোধী দল বিএনপি ভোলায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায় ইসির প্রতি। এছাড়া ওই আসনে নির্বাচনী দায়িত্বে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগেরও দাবি তোলে দলটি। সাখাওয়াত এ প্রসঙ্গে বলেন, "কোনো উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। এখন সেনা মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি। আইন শৃঙ্খলাবাহিনীর অপ্রতুলতাও নেই। এ অবস্থায় শুধু একটি নির্বাচনী আসনের জন্য সেনা মেতায়েনের প্রয়োজন আছে বলে মনে করি না।" রুটিন মাফিক ওই আসনের দুই উপজেলার (তজুমুদ্দিন ও লালমোহন) নির্বাহী কর্মকর্তা ও থানা থারপ্রাপ্ত কর্মকর্তা বদলি করা হবে বলে জানান তিনি। তিনি জানান, নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছে সহকারি বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার। এছাড়া ইসির নিজস্ব জনবলও রয়েছে পর্যবেক্ষণে। "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি," বলেন সাখাওয়াত। বিরোধী দলের দাবিতে নয়, নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদ্বয় পর্যায়ক্রমে নির্বাচনের আগেপরে নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। অন্য এলাকা থেকে ইসির কর্মকর্তা এনে ভোলার নির্বাচনে পর্যবেক্ষক করা হবে। চর এলাকার জন্য উপকূলরক্ষী (কোস্ট গার্ড) ও পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, আর্মড পুলিশ, ব্যাটালিয়ান প্রস্তুত রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২০ ঘ.