২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসিতে নিবন্ধনে আবেদন করবে বিমান

বাজারে শেয়ার ছাড়ার লক্ষ্যে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধনের আবেদন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 12:42 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে শেয়ার ছাড়ার লক্ষ্যে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধনের আবেদন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের বৃহস্পতিবার বলেন, "বিমানের শেয়ার বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব প্রস্তুতি শেষ করে ১০ ডিসেম্বরের মধ্যে এ লক্ষ্যে স্টক এক্সচেঞ্জ কমিশনে আবেদন করা হবে।" শেরাটন হোটেলে দ্বিতীয় শেয়ার বাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে হোটেল শেরাটন। ২০০৭ সালের ২৩ জুলাই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় বিমান। সেসময়ের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির পুঁজির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। প্রতিটি একশ টাকা দরের দেড়শ কোটি শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির। ৫১ শতাংশ শেয়ার নিজের হাতে রেখে সরকার বিমানের ৪৯ শতাংশ শেয়ার পর্যায়ক্রমে বাজারে ছাড়ার কথা। বিমানকে পাবলিক লিমিটেডে রূপান্তরের লক্ষ্যে ২০০৭ সালের ১১ জুলাই সেসময়কার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশ বিমান করপোরেশন (সংশোধিত) অধ্যাদেশ জারি করেন। এর পরিচালনা বোর্ডে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ, জ্বালানি, বাণিজ্য, অর্থ, বেসামরিক বিমান চলাচল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবরা। বৃহস্পতিবার মেলায় পর্যটনমন্ত্রী জানান, হোটেল শেরাটনের বর্তমান অবস্থা অনুযায়ী এর ২০ শতাংশ শেয়ার বাজারে ছাড়া যাবে। তবে শেরাটন যেন ৪৯ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে পারে তার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সোনারগাঁ হোটেলের আইনি সমস্যা সমাধানের পর ওই হোটেলের শেয়ারও বাজারে ছাড়া হবে বলে জানান কাদের। হোটেল সোনারগাঁর ৬৭ শতাংশ মালিকানা মালিকানা সরকারি প্রতিষ্ঠান হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের (হিল)। বাকি ৩৩ শতাংশ বেসরকারি মালিকানায়। অনুষ্ঠানে পর্যটন শিল্পের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজি বাজারে আসার আহ্বান জানান অর্থ মন্ত্রণালয়ের সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের (্এসইসি) সদস্য মনসুর আলম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ জানান, অনলাইনেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা চট্টগ্রাম এক্সচেঞ্জের শেয়ার বাজারে অংশ নেওয়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরাটন হোটেলের মহাব্যবস্থাপক আহমেদ বুখারী হামজাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুব উদ্দিন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রাকিবুর রহমান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/পিডি/১৮৩৬ ঘ.