২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি প্রতিরোধে সরকারের কার্যক্রম জানতে চেয়েছে আদালত

যৌন হয়রানি প্রতিরোধে আদালতের আগের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি প্রতিরোধে আদালতের আগের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, যোগাযোগ সচিব, আইজিপি, বিটিভির মহাপরিচালক, বিজিএমইএ সভাপতি, বিকেএমইএ সভাপতি এবং বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অ্যাটর্নি জেনারেলকে এ জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটি আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পোশাক কারখানায় নারীদের যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে গত বছরের ১৪ মে যৌন হয়রানি বন্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে কমিটি গঠনসহ বেশ কিছু নির্দেশনা দেয় হাইকোর্ট। আদালত তখন যৌন হয়রানি বন্ধে একটি নীতিমালাও করে সংসদে এ বিষয়ে কোনো আইন পাস না হওয়া পর্যন্ত তা অনুসরণ করতে বলে। তবে হাইকোর্টের ওই রায় বাস্তবায়ন না করে সরকার আদালত অবমাননা করছে- এ অভিযোগ এনে গত ৮ মার্চ মহিলা আইনজীবী সমিতি একটি আবেদন করে। বৃহস্পতিবার আদালতের আদেশের পর ওই সংগঠনের নেতা ফৌজিয়া করিম সাংবাদিকদের বলেন, "রায় বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। জানান পর আমাদের আবেদনের শুনানি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৫ ঘ.