২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আবারো মোটরসাইকেল চালক খুন

তিনদিনের ব্যবধানে বাগেরহাটে আরো একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

বাগেরহাট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনদিনের ব্যবধানে বাগেরহাটে আরো একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খুন হয়েছেন। বুধবার রাতে রিপন শেখ (২৭) নামের এই চালককে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ বৃহস্পতিবার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের ডাক্তার বাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। সোমবার জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মোটরসাইকেল চালক রাজু শেখের জবাই করা লাশ খুলনার রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। হত্যাকারীরা তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে যায়। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মুন্সী আবু কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত রিপন শেখ পিরোজপুর জেলার মধ্য মাছিমপুর গ্রামের মোতালেব শেখের ছেলে। বুধবার রাত ৯ টার দিকে এক যাত্রীকে নিয়ে তিনি পিরোজপুর থেকে বাগেরহাটের মোরেলগঞ্জের দিকে আসেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁস এবং মুখে আঘাতের চি‎হ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে এসআই কুদ্দুস জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.