২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বার্ড ফ্লু

সদর উপজেলার একটি খামারে বুধবার বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজারেরও বেশি মুরগি নিধন ও সাড়ে তিন হাজার ডিম ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 07:04 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

নীলফামারী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার একটি খামারে বুধবার বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজারেরও বেশি মুরগি নিধন ও সাড়ে তিন হাজার ডিম ধ্বংস করা হয়েছে। উপজেলার রাসনগর গ্রামের আকমল পোল্ট্রি ফার্মের লেয়ার মুরগিতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার জীবাণু সংক্রমণ নিশ্চিত হলে বুধবার এ অভিযান চালানো হয় বলে প্রাণিসম্পদ অফিস জানিয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর ইসলাম বলেন, গত ২৩ মার্চ আকমল হোসেনের মালিকানাধীন এই মুরগি খামারে আক্রান্ত মুরগির নমুনা পরীক্ষার জন্য জয়পুরহাট প্রাণিরোগ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে তারা পরীক্ষার রিপোর্ট ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠায়। মঙ্গলবার রাতে অধিদপ্তর থেকে মুরগি নিধনের আদেশ পাঠানো হয়। তিনি বলেন, বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খামারটির দুই হাজার ৩৮৯টি লেয়ার মুরগি নিধন ও তিন হাজার ৫৬০টি ডিম ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, মঈনুল হাসান ও আশরাফ হোসেন, ডা. আব্দুল মজিদসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খামারটির মালিক আমকল হোসেন বলেন, তার খামারে প্রায় ছয় হাজার লেয়ার মুরগি ছিল। গত সাতদিনে এর মধ্যে অন্তত দুই হাজার মুরগি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.