২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হামলা ও পাল্টা হামলা, নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে আড়াইহাজার উপজেলার মেঘনার চরাঞ্চল কালাপাহাড়িয়া ইজারাকান্দি এলাকায় মঙ্গলবার রাতে আব্দুস সালাম (২৮) নামের এক ছাত্রদল নেতা দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে আড়াইহাজার উপজেলার মেঘনার চরাঞ্চল কালাপাহাড়িয়া ইজারাকান্দি এলাকায় মঙ্গলবার রাতে আব্দুস সালাম (২৮) নামের এক ছাত্রদল নেতা দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। এর জেরে বুধবার সকালে নিহতের লোকজন হামলাকারীর বাড়িতে গিয়ে লাল মিয়া (৪২) নামের আরেকজনকে হত্যা করে। পুলিশ লাল মিয়ার ভাই আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কদমীচর নিজ বাড়ি থেকে ইজারাকান্দি যাওয়ার পথে ইজারাকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুস সালামকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে বুধবার সকাল ৭টার দিকে নিহত আব্দুস সালামের পক্ষের একশ'রও বেশি লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মুড়াপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক নূরুজ্জামানের বাড়িতে হামলা চালায়। তাদের প্রচণ্ড মারধরে নূরুজ্জামানের ভাই লাল মিয়া ঘটনাস্থলে মারা যান। এরপর তারা নূরুজ্জামানের অপর ভাই আব্দুর রশিদ ও বোন মরিয়মকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আহত আব্দুর রশিদ ও মরিয়মকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে বলেও পুলিশ কর্মকর্তা জানান। আধিপত্য বিস্তার ও চর দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.